সরকারকে ব্যর্থ করার সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: এমপি নয়ন
বিশেষ প্রতিনিধি: বিএনপিতে কোনো অপরাধীর স্থান হবে না এবং অপরাধীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ দলে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে যেকোনো চক্রান্ত গণতান্ত্রিক আন্দোলন ও রাজপথে রুখে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ত্যাগের পর দেশের জনগণ শান্তি ও নিরাপত্তার প্রত্যাশা করছে। যারা বিএনপির সাথে যুক্ত কিংবা যারা ভোট দেননি—দেশের প্রতিটি নাগরিক বর্তমান সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে।
নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অসংখ্য মায়ের সন্তান হারানোর বেদনা, পিতার কাঁধে সন্তানের লাশ এবং স্বজনদের কান্নাকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। দেশকে প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে যুবদল রাজপথে সহায়ক ভূমিকা পালন করবে। এ সময় স্থানীয় নেতা অনি ইসলাম অমিতের অতীত ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও তাঁকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পীসহ বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এআইএল/সকালবেলা