জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ
জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই

সকালবেলা অনলাইন: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদারে টহল জাহাজ প্রদান সংক্রান্ত চুক্তিসহ মোট ৪টি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে দুটি উন্নয়ন প্রকল্পে ৪ হাজার ৬৫৬ বিলিয়ন ইয়েন ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

টোকিওর বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রীর তথ্যানুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি করতে জাপান বাংলাদেশকে সর্বোচ্চ ২১২ কোটি ইয়েন (১৩.৪৪ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান হিসেবে দেবে।

সফরকালে সই হওয়া অন্যান্য সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে—জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন বিষয়ক সহযোগিতার স্মারক (এমওসি)। এছাড়া জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পৃথক দুটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অন্যদিকে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে একটি যৌথ সম্মতিপত্র (লোআই) সই হয়।

সফরে যে দুটি প্রকল্পের বিপরীতে ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে, তার মধ্যে 'বিনিয়োগের পরিবেশ উন্নয়ন প্রকল্পে' ১ হাজার ৫৮৮ বিলিয়ন ইয়েন (১০০.৮ মিলিয়ন ডলার) এবং 'উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেজ ২)' প্রকল্পের জন্য ৩ হাজার ৬৮ বিলিয়ন ইয়েন (১৯৪.৭ মিলিয়ন ডলার) অন্তর্ভুক্ত রয়েছে।

এআইএল/সকালবেলা