ভূঞাপুরে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
ভূঞাপুরে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরিফুল ইসলাম (ভূঞাপুর, টাঙ্গাইল): বিএনপির সহযোগী অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, ফলদ ও ঔষধি বৃক্ষ বিতরণ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জুলহাস আলম। এর আগে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল, স্লোগান ও ব্যানার-ফেস্টুনসহ বাসস্ট্যান্ড চত্বরে এসে সমবেত হন।

সমাবেশে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল রাখতে শৃঙ্খলা ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে হবে।

বক্তারা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনায় কৃষকদের জন্য কৃষি কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই ধারা অব্যাহত রাখতে এবং দলীয় প্রধানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের সদস্য সচিব অনির্বান আমীর দুখু, যুগ্ম আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী রাজীব হোসাইন কফিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা