নিকলীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শফিকুল ইসলাম (নিকলী, কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে একটি আনন্দ র্যালি উপজেলা কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ এহাসানুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম এবং সহ-সভাপতি আবু সাঈদ রতন। এ ছাড়া উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া ও দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বক্তারা জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে যুবদলের নেতাকর্মীদের মাদক, কিশোর গ্যাং ও সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠন ও সংগঠনকে শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
এআইএল/সকালবেলা