দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার কমিটির নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অভিনব এক ঘটনার জন্ম দিয়েছেন জামায়াতে ইসলামীর এক সমর্থক। পছন্দের প্রার্থীর পরাজয়ের পর স্থানীয় নেতাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মো. ফারুক (৪৮) নামে এক ব্যক্তি দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা দিয়েছেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গত সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার আধুনগর বাজারে এই ঘটনা ঘটে। ফারুক আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের পক্ষে নিয়মিত বক্তব্য ও ভিডিও প্রকাশের সুবাদে এলাকায় তিনি দলটির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার আধুনগর বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ঘিরে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা পৃথক অবস্থান নেন। সন্ধ্যায় ফলাফলে বিএনপির সমর্থকদের পছন্দের প্রার্থী বিজয়ী হলে ক্ষুব্ধ হন ফারুক।
তার অভিযোগ, স্থানীয় জামায়াত নেতারা নির্বাচনে তাঁর পছন্দের প্রার্থীকে সহযোগিতার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কথা রাখেননি।
ফলাফল ঘোষণার পর ফারুক নিজের ফেসবুক আইডিতে ভিডিও বার্তা দিয়ে ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে নেতাদের বিরুদ্ধে নির্বাচনসংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ তোলেন। পরে রাতেই আধুনগর বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জামায়াতের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এ সময় আশপাশে উপস্থিত কয়েকজনকে হাততালি দিতে দেখা যায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
ফারুক জানান, তিনি জামায়াতের কোনো সাংগঠনিক পদে ছিলেন না। তবে দীর্ঘদিন ধরে দলটির নীতি ও আদর্শকে সমর্থন জুগিয়ে আসছিলেন। বর্তমানে ইউনিয়ন পর্যায়ের নেতাদের দায়িত্বহীনতায় অসন্তুষ্ট হয়ে তিনি আর দলটির সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না।
তবে ফারুকের অভিযোগ অস্বীকার করেছেন আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের। তাঁর দাবি, ফারুক সমর্থক হিসেবে কর্মসূচিতে অংশ নিলেও বাজার কমিটির নির্বাচনে জামায়াত আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি। বিএনপিও দলীয়ভাবে কাউকে সমর্থন দেয়নি। নির্বাচনে নিজের পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় ফারুক আবেগের বশবর্তী হয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
এআইএল/সকালবেলা