মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
আবু রায়হান (রংপুর ব্যুরো): রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোর ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ছয়টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী ‘খান এন্টারপ্রাইজ’-এর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। বাসের ভেতরে থাকা আহত অন্তত ১৫ জন যাত্রীকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগামী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এআইএল/সকালবেলা