পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ
পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাঈদ পান্থ (বরিশাল): পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, জ্বালানি সংকট মোকাবিলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দেশের তৃণমূল পর্যায়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এমপি।

বরিশাল সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাধুলিয়ায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের যৌথ আয়োজনে বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। বরিশালে ইতিমধ্যে প্রায় ৮১টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এর চাহিদা বাড়িয়ে ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিকভাবেও আয় করা সম্ভব হবে, তাই এ খাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এ কে এম মফিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মাত ফরিদা সুলতানা, বিএনপি নেতা আলহাজ্ব নুরুল আমিন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীসহ স্থানীয় রাজনৈতিক ও সংবাদমাধ্যমের কর্মীবৃন্দ।

এআইএল/সকালবেলা