গুপ্ত ও স্বৈরাচার আজ এক কাতারে: এমপি জালাল উদ্দিন
মিজানুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, “গুপ্ত ও স্বৈরাচারী শক্তি এখন এক কাতারে দাঁড়িয়ে একই ভাষায় কথা বলছে।”
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জালাল উদ্দিন বলেন, “বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ২১৪টি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। আমরা কাউকে রক্তচক্ষু দেখাতে ভয় পাই না। দেশকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। তবে কেউ যদি আমাদের রক্তচক্ষু দেখায়, আমরাও তাদের বিন্দুমাত্র ছাড় দেব না।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও ত্যাগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “অসামান্য ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান আজ দেশ পরিচালনা করছেন—এই বিষয়টি নেতাকর্মীদের সব সময় মনে রাখতে হবে। রাজপথে থেকে তাঁর হাতকে আরও শক্তিশালী করতে হবে।”
কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সিনিয়র সহসভাপতি বাবু জহরলাল সাহা, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও মিজানুর রহমান স্বপন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিবসহ যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা।
এআইএল/সকালবেলা