দিনাজপুরে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস
মোঃ নাফিস হাসনাইন (বিশেষ প্রতিনিধি, দিনাজপুর): "হাত ধোয়ার নায়ক হোন"—এই প্রতিপাদ্য সামনে রেখে সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা।
দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর বিভাগের যৌথ আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশদ্বারে হাত ধোয়ার সঠিক কৌশল ডেমো প্রদর্শনের পাশাপাশি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, জেলা অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের এরিয়া ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন।
এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উক্ত কর্মসূচিতে অংশ নেন।
এআইএল/সকালবেলা