ভাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ
ভাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ৩০ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান লিটু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

রোববার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত লিটু সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল এক্সপ্রেসওয়ের আতাদি এলাকায় অবস্থান নেয়। এ সময় কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে সন্দেহভাজন হিসেবে লিটুকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে রুটটি মাদক পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। তাই এই রুটে বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। গত এক মাসে এই এলাকায় বেশ কয়েকটি সফল অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত লিটুর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন