দিঘীনালায় ‘মহা সংঘ দান’ অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
দিঘীনালায় ‘মহা সংঘ দান’ অনুষ্ঠিত

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দিঘীনালায় বাংলা নববর্ষ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘মহা সংঘ দান’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে দিঘীনালা বন বিহার প্রাঙ্গণে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এই পূণ্যময় অনুষ্ঠান সম্পন্ন হয়।

ভোরে প্রার্থনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দানসহ নানা দানযজ্ঞের আয়োজন করা হয়। ধর্মপ্রাণ দায়ক-দায়িকারা ভিক্ষুসংঘের উদ্দেশ্যে আহার ও প্রয়োজনীয় সামগ্রী দান করেন। এতে দিঘীনালার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোরের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন দিঘীনালা বন বিহারের আজীবন অধ্যক্ষ পরম পূজ্য শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তে। এছাড়াও উপস্থিত ছিলেন বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রদ্ধেয় শুভ বন্ধন ভান্তে ও শিলা প্রিয় ভান্তে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং ৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান)। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

অনুষ্ঠানে পরম পূজ্য নন্দপাল মহাস্থবির ভান্তে তাঁর দেশনায় সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলের প্রতি পঞ্চশীল পালনের উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, "হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যাচার ও মাদক থেকে দূরে থাকাই হলো শান্তির মূল ভিত্তি। মানবজীবনের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ নিশ্চিত করতে এই পাঁচটি মূলনীতি মেনে চলা একান্ত প্রয়োজন।"

আয়োজকরা জানান, নববর্ষকে ঘিরে এই মহা সংঘ দান তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভার মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির প্রয়াস চালানো হয়। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন