সোনাগাজীতে তাঁতি দল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ণ
সোনাগাজীতে তাঁতি দল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে আইয়ুব নবী তারেক (২৬) নামে এক তাঁতি দল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের গুনক গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তারেক ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহতের পিতা কামাল উদ্দিন অভিযোগ করেন, প্রতিবেশী ওহিদুর রহমানের স্ত্রী নাহার পূর্বের একটি বিরোধ নিষ্পত্তির কথা বলে তারেককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ওহিদুর রহমানের তিন ছেলে—নাহিদ, সাঈদ, নিলয় এবং স্ত্রী নাহার দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তারেকের ওপর অতর্কিত হামলা চালায়। কামাল উদ্দিন আরও বলেন, "ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলে মারা যাওয়ার পরও ওহিদুর রহমান তাকে 'ডাকাত' সাজানোর অপচেষ্টা চালিয়ে লাঠি দিয়ে আঘাত করছে।"

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তারেক ও অভিযুক্ত নাহিদের স্ত্রীর মধ্যে পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। কিছু দিন আগে নাহিদ স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হক চৌধুরীর কাছে এ বিষয়ে অভিযোগও করেছিলেন। ধারণা করা হচ্ছে, পরকীয়ার এই অভিযোগকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি কিরিচ উদ্ধার করেছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন