অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয়েছে: প্রতিমন্ত্রী টুকু
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে অত্যন্ত বাস্তবভিত্তিক দাবি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন, তা এদেশের মানুষের জন্য মঙ্গলজনক। অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু কমানো হয়েছে, যা চলতি অর্থ বছরেই বাস্তবায়ন হবে।’
শুক্রবার (১২ জুন) সকালে টাঙ্গাইলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক জরাজীর্ণ ‘ভাসানী হল’ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ। বর্তমানে টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে যারা বিচরণ করেন, তাদের অনুষ্ঠান করার মতো কোনো জায়গা নেই। মওলানা ভাসানী বাংলাদেশের ইতিহাসে একজন মহান নেতা। কাজেই তার স্মৃতিবিজড়িত এই ভাসানী হলকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সবার।
হলটির ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের সাংস্কৃতিক কেন্দ্র ‘ভাসানী হল’ দীর্ঘদিনের অবহেলায় জৌলুস হারিয়েছে। যেহেতু এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন, তাই এর গুরুত্ব অনেক। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঐতিহাসিক ভাসানী হল ভবনটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন— গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মিয়া প্রমুখ।
|