মাদারীপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ
মাদারীপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগামী ‘ইয়েস পরিবহন’ ও একটি যাত্রীবাহী লোকাল বাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাসের অন্তত ২০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন।

আজ শুক্রবার (১২ মে) সকালে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মাদারীপুর টার্মিনাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লোকাল বাস মহাসড়কের কালকিনির গোপালপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক (বরিশাল) থেকে আসা বেপরোয়া গতির ‘ইয়েস পরিবহন’-এর একটি দূরপাল্লার বাসের সাথে লোকাল বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, উভয় বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে চলে যায়। এতে দুই বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ২০ জন যাত্রী রক্তাক্ত ও জখম হন।

ভয়াবহ এই দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। তারা বাসের জানালা ও গেট ভেঙে ভেতরে আটকে পড়া রক্তাক্ত যাত্রীদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহতদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কালকিনি হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় এবং শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানান্তর করা তিনজনের মধ্যে একজনের অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।

দুর্ঘটনার খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার পর পরই মহাসড়কে কিছু সময়ের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল এবং যান চলাচলে বিঘ্ন ঘটেছিল। তবে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নিলে বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বাস দুটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন