নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ
নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ধাওয়া করে পিকআপ ভ্যানসহ চালক মহিউদ্দিন (৪০)-কে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুর পাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেম বেপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কবিরহাট থেকে একটি বালুবাহী পিকআপ ভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৯টার দিকে গাড়িটি সুন্দলপুর ইউনিয়নের বারীপুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীই ঘটনাস্থলে প্রাণ হারান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে ঘাতক পিকআপ ভ্যানের চালক মহিউদ্দিনকে গাড়ি জব্দসহ আটক করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন