কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট জব্দ

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট জব্দ

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এই চালানটি জব্দ করা হয়।

শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন (বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল আলীনগর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে গহীন অরণ্যে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ৬০৮ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করেন।

৪৬ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, জব্দ করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ২১ হাজার ৬০০ টাকা। চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব না হলেও তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন