মেক্সিকোর জালাপিনো মরিচে সালমোনেলা আতঙ্ক, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩৪৫

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ
মেক্সিকোর জালাপিনো মরিচে সালমোনেলা আতঙ্ক, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩৪৫
যুক্তরাষ্ট্রে প্রাদুর্ভাব সৃষ্টিকারী মেক্সিকান জালাপিনো মরিচের প্রতীকী চিত্র

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকো থেকে আমদানি করা সবুজ জালাপিনো মরিচকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বড় ধরনের ‘সালমোনেলা’ (Salmonella) ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মারাত্মক এই খাদ্যবাহিত সংক্রমণে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি অঙ্গরাজ্যে ৩৪৫ জন নাগরিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে লক্ষণ জটিল হওয়ায় ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) যৌথ তদন্ত চালিয়ে নিশ্চিত করেছে যে, প্রাদুর্ভাবটির মূল উৎস মেক্সিকোর সিনালোয়া (Sinaloa) অঞ্চল থেকে আমদানি করা জালাপিনো মরিচ। এই মরিচগুলো যুক্তরাষ্ট্রে বাজারজাত ও বিতরণ করেছিল পরিবেশক প্রতিষ্ঠান ‘কোস্ট সিট্রাস ডিস্ট্রিবিউটরস’ (Coast Citrus Distributors)।

তদন্তের তথ্য প্রকাশ পাওয়ার পর প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের চিপোটলে মেক্সিকান গ্রিল (Chipotle Mexican Grill) ও কিউডোবা (Qdoba)-র মতো বিখ্যাত ও জনপ্রিয় চেইন রেস্তোরাঁগুলোতে সরবরাহ করা জালাপিনো মরিচ দ্রুত বাজার থেকে ফেরত বা প্রত্যাহার শুরু করেছে।

এফডিএ জানিয়েছে, ল্যাব টেস্ট ও ভুক্তভোগীদের তথ্যানুযায়ী, আক্রান্তদের মধ্যে সংক্রমণের লক্ষণ প্রকাশ পাওয়া শুরু হয় গত ১৯ জুন থেকে ২০ জুলাইয়ের মধ্যে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, সালমোনেলা সংক্রমণে আক্রান্ত হলে সাধারণত পেটে তীব্র ব্যাথা, অবিরাম ডায়রিয়া, বমিভাব ও তীব্র জ্বর দেখা দেয়। সাধারণ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি চিকিৎসাযোগ্য হলেও ছোট শিশু, বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন মানুষের জন্য এই ব্যাকটেরিয়া মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, সংক্রমণের মূল সূত্রপাত মেক্সিকোর সিনালোয়ার একটি সুনির্দিষ্ট খামার থেকে, যেখান থেকে মরিচ সংগ্রহ করেছিল কোস্ট সিট্রাস ডিস্ট্রিবিউটরস। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অবশিষ্ট সব মালামাল বাজার ও রেস্তোরাঁ থেকে প্রত্যাহার করতে এবং ভুক্তভোগী গ্রাহকদের সতর্ক করতে সম্মত হয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, পরিস্থিতির গুরুত্ব বুঝে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘চিপোটলে’ গত ২০ জুলাই থেকে তাদের জালাপিনো সরবরাহকারী পরিবর্তন করেছে। অন্যদিকে ‘কিউডোবা’ গত ২৮ জুলাই থেকে সংশ্লিষ্ট উৎস থেকে আনা জালাপিনো বিক্রি ও রান্নায় ব্যবহার সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে ক্ষতিকর এককোষী পরজীবী ‘সাইক্লোস্পোরিয়াসিস’ (Cyclosporiasis) প্রাদুর্ভাবের ধাক্কা সামলে ওঠার পর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এফডিএ যখন কড়া নজরদারি চালাচ্ছে, ঠিক তখনই নতুন করে এই সালমোনেলা সংক্রমণের ঘটনা সামনে এলো।

তবে এফডিএ আশ্বস্ত করে জানিয়েছে, আক্রান্ত চালানগুলো দ্রুত তুলে নেওয়ার কাজ চলমান থাকায় রেস্তোরাঁগুলোতে সাধারণ ভোক্তাদের জন্য এখন আর বড় ধরনের ঝুঁকি নেই। তবুও সতর্কতাস্বরূপ সিনালোয়া অঞ্চল থেকে আসা প্রত্যাহারকৃত জালাপিনো মরিচ না খেতে, বিক্রি না করতে এবং রেস্তোরাঁয় পরিবেশন না করার জন্য কঠোর পরমর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোস্ট সিট্রাস ডিস্ট্রিবিউটরস সাধারণ খুচরা মুদি দোকানগুলোতে এসব সংক্রমিত মরিচ সরবরাহ করেছিল বলে এখন পর্যন্ত কোনো প্রাথমিক প্রমাণ মেলেনি।

মন্তব্য করুন