দুই বছর পর ম্যানিলাই বসছে কোয়াড নেতাদের হাই-ভোল্টেজ বৈঠক

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
দুই বছর পর ম্যানিলাই বসছে কোয়াড নেতাদের হাই-ভোল্টেজ বৈঠক

অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই বছর পর আবারও মুখোমুখি বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের শীর্ষ নেতারা। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতার মঞ্চ ‘কোয়াড’-এর পরবর্তী বৈঠকটি আগামী মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পরিকল্পনার সঙ্গে পরিচিত কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের ফাঁকে এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হবে। রবিবার ম্যানিলায় আসিয়ান সম্মেলন শুরু হচ্ছে এবং আগামী মঙ্গলবার সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই কোয়াড নেতাদের এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক প্রভাবের মুখে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং অবাধ বাণিজ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কোয়াড জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যদিও সদস্যদেশগুলো বরাবরই বলে আসছে যে, জোটটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।

আসন্ন বৈঠকে বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন স্থান থেকে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল এবং সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে হওয়া বিভিন্ন হামলার প্রসঙ্গও গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

গত বছর আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটিই হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম কোয়াড বৈঠক। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে কোয়াড নেতাদের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে সময় নেতারা একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার অঙ্গীকার করার পাশাপাশি সমুদ্র নিরাপত্তায় সহযোগিতাবৃদ্ধির একাধিক উদ্যোগ ঘোষণা করেছিলেন। এবারের ম্যানিলা সম্মেলন আসিয়ান ও কোয়াড—উভয় ক্ষেত্রেই বৈশ্বিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সকালবেলা/ নুসরাত