ঢাকায় ফিরেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
ঢাকায় ফিরেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে ব্যবসায়িক সফরে ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাত তিনটার দিকে তিনি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

বাংলাদেশে প্রায় তিন, বছর সফল ও আলোচিত দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন পিটার হাস। এরপর তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জি-তে যুক্ত হন। বর্তমানে তিনি কোম্পানিটির বাংলাদেশ প্রধান ও কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন। যদিও তার বর্তমান ঢাকা সফর সুনির্দিষ্টভাবে ব্যবসায়িক উদ্দেশ্যে নাকি অন্য কোনো কারণে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি নিশ্চিত করা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, বাংলাদেশে বর্তমানে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছে অ্যাকসিলারেট এনার্জি। এর মধ্যে একটির মালিক তারা নিজে এবং অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া। এছাড়া ২০২৬ সালের শুরু থেকে এই প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ এলএনজি আমদানির চুক্তি রয়েছে সরকারের।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে বাংলাদেশ জ্বালানি আমদানির যে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে, তার আওতায় মার্কিন কোম্পানি অ্যাকসিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে বাংলাদেশে প্রায় ১ লাখ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে। ফলে এই জ্বালানি বাণিজ্য ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের তদারকির অংশ হিসেবেই পিটার হাসের এবারের ঢাকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্ব পালনকালে পিটার হাস বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত মুখ ছিলেন। বিশেষ করে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে তার জোরালো অবস্থান এবং নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক তৎকালীন ক্ষমতাসীন সরকারের মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছিলেন। তবে কূটনৈতিক অধ্যায় পেরিয়ে এখন করপোরেট ও জ্বালানি খাতের প্রতিনিধি হিসেবে তার এই প্রত্যাবর্তন নতুন মাত্রা যোগ করেছে।

সকালবেলা/ নুসরাত