১৫০ বছর বাঁচতে আগ্রহী পুতিন
অনলাইন ডেস্ক: মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে বর্তমানে তীব্র কৌতূহল ও আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দীর্ঘায়ু হওয়ার এই বিশেষ আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় জোরেশোরে চলছে বার্ধক্য প্রতিরোধ ও মানুষের আয়ু বাড়ানোর উচ্চাভিলাষী গবেষণা।
এই গবেষণার অন্যতম প্রধান অংশ হিসেবে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর নিয়ে কাজ করছেন দেশটির বিজ্ঞানীরা। দীর্ঘজীবী বানরগুলোর রক্তের নমুনা সংরক্ষণ করে তৈরি করা হচ্ছে একটি বিশেষ নমুনা ব্যাংক। এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া এবং মানুষের আয়ু দীর্ঘায়িত করার সম্ভাব্য উপায় খুঁজতে চান গবেষকেরা।
রাশিয়ার মর্যাদাপূর্ণ কুরচাতভ ইনস্টিটিউটের নেতৃত্বে এই গবেষণা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান মিখাইল কোভালচুক রুশ প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠজন এবং বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত। তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান পেত্রোভস্কি রাশিয়ান রিসার্চ সেন্টার অব সার্জারির সঙ্গে যৌথভাবে দীর্ঘজীবী বানরের রক্তের নমুনা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি মস্কোয় আয়োজিত কুরচাতভ জিনোম ফোরামে বিষয়টি তুলে ধরে কোভালচুক জানান, তাদের প্রজননকেন্দ্রে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এর মধ্যে ১৮ বছর থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের ওপর বিশেষভাবে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। তাদের রক্তনালি, মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অঙ্গের বার্ধক্যজনিত পরিবর্তন পরীক্ষা করা হচ্ছে। দীর্ঘজীবী প্রাইমেটদের শরীর থেকে প্রাপ্ত এসব তথ্য মানুষের আয়ু বাড়ানোর জৈবিক প্রক্রিয়া বোঝার ভিত্তি তৈরি করবে বলে মনে করছেন তারা।
রুশ প্রেসিডেন্টের দীর্ঘায়ু হওয়ার আগ্রহ এবং এই গবেষণার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি কথোপকথন সরাসরি সম্প্রচারে আসে। সেখানে তাঁরা জীবপ্রযুক্তির উন্নতির মাধ্যমে মানুষের অঙ্গ প্রতিস্থাপন এবং ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনার কথা আলোচনা করেন। পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে মস্কোয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক অনুষ্ঠানেও পুতিন একই আশাবাদের কথা জানান।
বানর নিয়ে গবেষণা ছাড়াও রাশিয়ায় জিন থেরাপি, কৃত্রিমভাবে অঙ্গ ও টিস্যু তৈরি এবং জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের উপযোগী অঙ্গ উৎপাদনের মতো বিষয় নিয়ে কাজ চলছে। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও আয়ু বাড়ানোর প্রযুক্তি উন্নয়নে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এই কর্মসূচির সঙ্গে পুতিনের মেয়ে ও এন্ডোক্রাইনোলজিস্ট মারিয়া ভরোন্তসোভা এবং কোভালচুকের সম্পৃক্ততার কথা বলা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দীর্ঘায়ু হওয়ার ব্যক্তিগত আগ্রহ দেশটির রাষ্ট্রীয় গবেষণার অন্যতম প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, প্রাণীর শরীরে বার্ধক্যের প্রক্রিয়া বোঝা গবেষণায় সহায়ক হলেও বানরের আয়ু ও মানুষের আয়ুর মধ্যে সরাসরি সমতা টানা যায় না। মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ধারণার পক্ষে এখনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ প্রতিষ্ঠিত না হলেও, পুতিনের এই উদ্যোগ বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সকালবেলা/ নুসরাত