ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। তীব্র সংঘর্ষের পর উভয় গাড়িতেই ভয়াবহ আগুন ধরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোর শহরের দিকে যাচ্ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই দুটি গাড়িতেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মাথায় গুরুতর আঘাত পেয়ে আরও ২ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই অগ্নিকাণ্ড ও সংঘর্ষের ঘটনায় শিশু ও নারীসহ ২২ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে উদ্ধারকারী দল ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে দ্রুত রাজস্থানের দৌসা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় প্রাণহানি বেশি হয়েছে। বাসটিতে আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাতে বাসটি চালানোর সময় চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন এবং অতিরিক্ত গতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন