বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে ডামুড্যায় বৃক্ষরোপণ
জাতীয় প্রতিনিধি:: ‘সবুজে সুন্দর আগামী’ এই প্রত্যয় ও প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা টিস্যু এবং কালের কণ্ঠের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেহুরভাঙ্গা এলাকার আদর্শ বালিকা বিদ্যালয় এবং ২৯ নম্বর কেহুরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই যৌথ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন কনেশ্বর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আনিছুর রহমান বাচ্চু বলেন, 'কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও চারা বিতরণের এই চমৎকার উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ আমাদের জীবন ও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। আজকের এই ছোট চারাই আগামী দিনের সবুজ সম্পদ। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তুলতে দারুণ সহায়ক হবে।'
আয়োজন সংশ্লিষ্টরা জানান, 'সামগ্রিক পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং তরুণ প্রজন্মকে সবুজায়ন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা মনে করেন, একটি গাছ শুধু চারপাশের পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত নিজ নিজ দায়িত্ব থেকে অন্তত একটি করে গাছ রোপণ করা এবং নিয়মিত তার যত্ন নেওয়া।'
সবুজায়নের এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা শরিফুল আলম ইমন, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা, ডামুড্যা উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও ১১ নম্বর পশ্চিম চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকর ছিদ্দিক।
এছাড়া আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীয়ত উল্লাহ, ২৯ নম্বর কেহুরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক এনাম, দৈনিক কালের কণ্ঠের ডামুড্যা উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, শুভসংঘ ডামুড্যা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. তারেক বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
|