চার দিনের সফরে বগুড়া যাচ্ছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ওয়াফিক শিপলু (বগুড়া প্রতিনিধি): চার দিনের সরকারি সফরে নিজ সংসদীয় এলাকা বগুড়ায় আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে রবিবার (২৫ অক্টোবর) পর্যন্ত এই সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, গোলটেবিল বৈঠক এবং নানা সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত সরকারি সফরসূচি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সফরের কর্মসূচির মধ্যে রয়েছে—বগুড়া জেলার সার্বিক উন্নয়ন, বর্তমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি বিশেষ গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ। এ ছাড়া তিনি নিজ সংসদীয় এলাকা শিবগঞ্জ ও মোকামতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলমান উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিন পরিদর্শন করবেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রতিমন্ত্রীর এই চার দিনের সফরে স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন ও জনসম্পৃক্ত বিভিন্ন প্রকল্পগুলোর অগ্রগতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা