দেবিদ্বারে অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান, ৪টি ধ্বংস
সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি): কুমিল্লার দেবিদ্বারে কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি অবৈধ ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার ইউসুফপুর ও বড়শালঘর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর ইউনিয়নের পীরমহেশপুর এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। পরবর্তীতে বড়শালঘর ইউনিয়নে পরিচালিত অপর অভিযানে আরও দুটি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। সব মিলিয়ে দিনভর অভিযানে মোট চারটি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি কাটার ফলে আবাদি জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। ফসলি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা