জামায়াত-এনসিপি জুলাইকে বিক্রি করে, আর বিএনপি হৃদয়ে ধারণ করে: এমপি খোকন তালুকদার

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
জামায়াত-এনসিপি জুলাইকে বিক্রি করে, আর বিএনপি হৃদয়ে ধারণ করে: এমপি খোকন তালুকদার

নাজমুল হাসান (মাদারীপুর প্রতিনিধি): “জুলাইয়ের চেতনাকে জামায়াত ও এনসিপি রাজনৈতিক বাণিজ্যের পণ্য বানিয়েছে, অন্যদিকে বিএনপি তা সবসময় হৃদয়ে ধারণ করে চলেছে।” এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকন তালুকদার।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার বাঘমারা সার্বজনীন গোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে খোকন তালুকদার বলেন, “জামায়াতের আমীর এক সময় ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে নানা কথা বললেও আজ সেই কার্ড পাওয়ার জন্য তাদের জনপ্রতিনিধিরাই প্রতিযোগিতা করছেন। যাদের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই, সাধারণ মানুষকে তাদের বিষয়ে সচেতন থাকতে হবে।”

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের জবাবে এই সংসদ সদস্য বলেন, “দেশের ১৮ কোটি মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। জনগণের অনাবিল ভালোবাসা আর সমর্থনে বিএনপি আজ সুদৃঢ় অবস্থানে রয়েছে এবং জনগণের রায়েই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। জামায়াত নেতাদের ফাঁকা বুলিতে কিছুই আসে যায় না। এ দেশের ক্ষমতায় কে থাকবে তা নির্ধারণের মালিক একমাত্র জনগণ, আর বিএনপি সব সময় জনগণের ক্ষমতায়নেই বিশ্বাসী।”

পূজামণ্ডপ পরিদর্শনের সময় ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান এবং ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা