সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ণ
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

সকালবেলা ডেস্ক: সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি ওই পরিবারের সার্বিক দেখভাল ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সন্ত্রাসী হামলার শিকার হয় বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের ওমরাহ পালনকারীদের একটি কাফেলা। এই ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি নিহত হন বাংলাদেশি ওমরাহযাত্রী ও উক্ত কাফেলার দলনেতা (ইমাম) মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। হামলায় কাফেলার আরও কয়েকজন যাত্রী আহত হন।

ঘটনার পরপরই ধর্মমন্ত্রী আক্রান্ত ওমরাহযাত্রীদের সঙ্গে যোগাযোগ করেন এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের মাধ্যমে আহতদের উদ্ধার ও চিকিৎসার উদ্যোগ নেন। হামলায় যাত্রীদের মালামাল ও লাগেজ হারিয়ে গেলে মন্ত্রীর ব্যক্তিগত সহায়তায় তাঁদের আপ্যায়ন ও নতুন পোশাকের সংস্থান করা হয়। একই সঙ্গে তাঁদের দেশে ফেরার টিকিট নিশ্চিত করা ও নিরাপদ প্রত্যাবর্তনে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের খোঁজখবর নিতে গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাঙ্গলকোটের বদরপুরে তাঁর বাড়িতে যায়। প্রতিনিধি দল পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং মরদেহ দাফন, পরিবারের স্থায়ী আবাসন ও সন্তানদের ভবিষ্যতের শিক্ষা খরচের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ সময় ধর্মমন্ত্রী টেলিফোনে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ মদিনার জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি ব্যক্তিগত তহবিল থেকে পরিবারটিকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

এদিকে, আক্রান্ত ৪৫ সদস্যের ওমরাহ কাফেলার মধ্যে ৩৩ জন সদস্য মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছেন। ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁর একান্ত সচিব ছাদেক আহমদ ও হজ পরিচালক মো. লোকমান হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁদের অভ্যর্থনা জানান। দেশে ফিরে আসা ওমরাহযাত্রীরা সংকটকালে ধর্মমন্ত্রীর দ্রুত ও নিবিড় সমন্বয় এবং সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এআইএল/সকালবেলা