‘দালাল মিডিয়া’ বর্জনের ডাক, নতুন গণমাধ্যম আনছেন ইশরাক

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ণ
‘দালাল মিডিয়া’ বর্জনের ডাক, নতুন গণমাধ্যম আনছেন ইশরাক

সকালবেলা ডেস্ক: তথাকথিত ‘দালাল মিডিয়া’ বর্জনের আহ্বান জানিয়ে সম্পূর্ণ নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই এই নতুন মিডিয়া প্রতিষ্ঠা করতে চান তিনি।

বুধবার (২১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় এই পরিকল্পনার কথা জানান ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আমরা বাংলাদেশপন্থী, অত্যন্ত মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

বাধা পেরিয়ে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘কিছু নির্দিষ্ট পত্রিকা, তাদের ফেসবুক পেজ, অনলাইন প্ল্যাটফর্ম এবং কিছু চিহ্নিত গণমাধ্যম আমাদের এই উদ্যোগকে নস্যাৎ করতে চাইবে। এদের সঙ্গে তারা যুক্ত থাকবে যারা এ ধরনের ব্যবসায়িক স্বার্থে কাজ করে। তবে একসময় তারাই বিলুপ্ত হয়ে যাবে; আমরাই শেষ পর্যন্ত সফল হব, ইনশাআল্লাহ।’

নিজের নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, ‘আমি সাধারণ এলাকাবাসী ও সম্মানীয় ভোটারদের আশ্বস্ত করছি, সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ বা অপরাধী চক্র আমাকে আটকাতে পারবে না। এসব মিডিয়া দেশকে পঙ্গু ও বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের পুরোপুরি বর্জন করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

নতুন ধারার সংবাদমাধ্যম প্রতিষ্ঠার পাশাপাশি ঢাকা-৬ আসন এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

ইশরাক হোসেন জানান, ‘প্রিয় ঢাকা-৬ আসনের বাসিন্দাগণ, মাদকের ভয়াবহতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কাজ আমরা এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে স্থানীয় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে, যা স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবে এবং প্রশাসনের সহায়তা নেবে।’ ঘনবসতিপূর্ণ এই এলাকায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করা ছাড়া কোনো একক সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ইশরাক হোসেন তাঁর সংসদীয় এলাকা গেন্ডারিয়ায় অস্ত্র হাতে সরাসরি মাদকবিরোধী অভিযানে নামেন। সেই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদে থাকাকালে ইশরাকের এমন আচরণে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয় দল ও সরকারের অভ্যন্তরে। এর পরদিনই রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। প্রথমে পদত্যাগের খবর অস্বীকার করে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি দেওয়া হলেও, শেষ পর্যন্ত সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক।

বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন আহমেদ আযম খান, যাঁর সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইশরাক হোসেন।

এআইএল/সকালবেলা