কুয়াকাটায় চিকিৎসকের বিরুদ্ধে নারী সহকর্মীকে মারধরের অভিযোগ

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ
কুয়াকাটায় চিকিৎসকের বিরুদ্ধে নারী সহকর্মীকে মারধরের অভিযোগ

জাহিদ শিকদার (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর কলাপাড়ায় মুঘলাই পাঠাতে সামান্য দেরি হওয়ায় নিজের সহকারীকে বেধড়ক পেটানোর গুরুতর অভিযোগ উঠেছে এক নারী চিকিৎসকের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে স্থানীয় বেসরকারি ‘ম্যাক্স হাসপাতাল’ অভ্যন্তরে এই হামলার ঘটনা ঘটে। আহত সহকারী লামিয়াকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। অভিযুক্ত চিকিৎসকের নাম তাসলিমা ফেরদৌসী রিমা, যিনি ওই হাসপাতালে কর্মরত।

হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন অবস্থায় কান্নায় ভেঙে পড়ে আহত লামিয়া জানান, তিনি বিগত প্রায় চার বছর ধরে চিকিৎসক রিমার সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। মঙ্গলবার রাতে চিকিৎসক রিমা তাঁকে দ্রুত বাসায় তিনটি মুঘলাই পাঠানোর নির্দেশ দেন। নির্দেশ পেয়ে তিনি অবিলম্বে মুঘলাই কিনে চিকিৎসকের ব্যক্তিগত গাড়িচালকের হাতে তুলে দেন। তবে গাড়িচালক বাসায় পৌঁছাতে কিছুটা বিলম্ব করলে চিকিৎসক রিমা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

লামিয়া বলেন, "দেরির কারণ জানতে চাইলে আমি শুধু বলি মুঘলাই সময়মতো ড্রাইভারকে দিয়েছি, ড্রাইভার দেরি করলে আমার কী করার আছে। এ কথা শোনামাত্রই ডাক্তার ম্যাডাম টেবিলে থাকা কাচের ওয়েট পেপার আমার দিকে ছুড়ে মারেন। এরপর হাতেনাতে থাকা মোবাইল ফোন ও হার্ডবোর্ড দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। শেষপর্যায়ে পায়ের জুতা খুলে আমার মাথায় ও শরীরে বেধড়ক পেটান।" লামিয়া আরও অভিযোগ করেন, অভিযুক্ত চিকিৎসক ইতিপূর্বেও একাধিক সহকারীর সঙ্গে অনুরূপ দুর্ব্যবহার করেছেন, কিন্তু চাকরির ভয়ে কেউ মুখ খোলার সাহস পাননি।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী বা তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা