নাটোরে দুর্ঘটনায় নিহত ৫ ব্যবসায়ীর জানাজা সম্পন্ন
বিশেষ প্রতিনিধি: ব্যবসায়িক কাজে যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ীর জানাজা একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ডুবিসায়বর কাজীরহাট বাজার মাঠে তাঁদের এই যৌথ জানাজা সম্পন্ন হয়। এতে নিহতদের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
নিহত পাঁচ ব্যবসায়ী হলেন—জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জুয়েল মাদবর (৪০), ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার সালাল মোল্যা (৪৫), ডুবিসায়বর কাজীরহাট এলাকার সোহাগ শিকদার (৩০), কাজীরহাট এলাকার সামাদ ফকির (৬৫) এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার শাহিন ব্যাপারী (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা দীর্ঘদিন ধরে জাজিরার কাজীরহাট ও আশপাশের এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। নতুন মৌসুমের শুরুতে ভুট্টা, পেঁয়াজ, রসুন, হলুদ, ধনিয়াসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয় করতে তাঁরা রাজশাহীর তাহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। উক্ত মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে পাঁচজনই শরীয়তপুরের জাজিরা উপজেলার ব্যবসায়ী। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ডুবিসায়বর-কাজীরহাট বাজার বণিক সমিতির সভাপতি মোকলেছুর রহমান শোকপ্রকাশ করে বলেন, “আমাদের বাজারে এমন শোকাবহ ঘটনা এই প্রথম। এমন হৃদয়বিদারক ঘটনা মেনে নেওয়া কঠিন। কখনো ভাবিনি আমাদের পাঁচজন ভাইয়ের জানাজা এভাবে একইসঙ্গে পড়তে হবে।”
বাজারের ইজারাদার ও জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব টিটু আকন জানান, “বাজার কমিটি ও ব্যক্তিগত পক্ষ থেকে আমরা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকব। তাঁদের সঙ্গে বহু বছরের পথচলা ছিল, সবাই এভাবে একসঙ্গে চলে যাবেন তা ভাবতেও পারিনি।”
এআইএল/সকালবেলা