জমি বিরোধে বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে নিহত

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ
জমি বিরোধে বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে নিহত

উপজেলা প্রতিনিধি (রায়পুরা, নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে বাঁচাতে গিয়ে চাচাতো ভাইদের অতর্কিত হামলায় শাহিন (২২) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মোকারম (৫০) ও তাঁর ছেলে রাব্বি মিয়ার (১৬) বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ খলাপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত শাহিন ওই এলাকার আওলাদ হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে আওলাদ হোসেন ও তাঁর চাচাতো ভাই মোকারমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকেলে বাড়ির পাশে রাখা ইটের স্তূপ থেকে ইট নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে মোকারম ও তাঁর ছেলে রাব্বি দেশীয় ধারালো অস্ত্র (দা) নিয়ে আওলাদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালাতে উদ্যত হন। এ সময় বাবাকে রক্ষা করতে দ্রুত এগিয়ে গেলে শাহিন গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ইটের মালিকানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় শাহিন নামে এক যুবকের মৃত্যুর প্রাথমিক তথ্য পাওয়া গেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাঁরা বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা