খুলনায় পরিত্যক্ত ভবন থেকে যুবতীর লাশ উদ্ধার
সরদার সাইদী হাসান বাবু (খুলনা ব্যুরো): খুলনা নগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতনামা এক যুবতীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিঅ্যান্ডবি কলোনির একটি ছয়তলা পরিত্যক্ত ভবনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। তল্লাশি চালিয়ে পাশের আরেকটি ছয়তলা পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, লাশের বর্তমান অবস্থা দেখে ধারণা করা হচ্ছে প্রায় ১৫ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের পাশে পড়ে থাকা একটি স্যান্ডেল এবং শারীরিক গঠন বিবেচনা করে নিহতকে একজন যুবতী বলে অনুমান করা হচ্ছে। তবে তাঁর নাম-পরিচয় কিংবা মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ ও নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা