‘ধর্ম আলাদা হলেও আমরা সবাই বাংলাদেশের মানুষ’: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ণ
‘ধর্ম আলাদা হলেও আমরা সবাই বাংলাদেশের মানুষ’: সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক: “আমাদের একেক জনের ধর্ম আলাদা হলেও দিনশেষে আমরা সবাই এই বাংলাদেশের মানুষ। আমাদের মধ্যে কোনো বৈষম্য বা বিভেদের স্থান নেই।”—মঙ্গলবার রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার চণ্ডীপুর পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সুধীজনদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, দেশের আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। তিনি বলেন, “আমি এমপি হয়েছি বা মন্ত্রী হয়েছি বলে আইন আমার জন্য আলাদাভাবে চলবে, এমনটা ভাবার সুযোগ নেই। আইন আপনার জন্য যা, আমার জন্যও তা-ই। দেশের আইন এখন সম্পূর্ণ নিজস্ব গতিতে চলছে এবং অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।”

রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরে সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে সরকার সবার সঙ্গে সমানভাবে এবং দুই চোখ খোলা রেখে সহযোগিতা করছে, যেখানে কোনো ধরনের বৈষম্য বা পক্ষপাতিত্বের সুযোগ দেওয়া হচ্ছে না।

কোনো ধর্মই অন্যায়কে উৎসাহিত করে না উল্লেখ করে মন্ত্রী বলেন, “এই দেশ ও মাটি আমাদের সবার। আমরা কেউ বাইর থেকে আসিনি। আমি সবসময় যা বলি—আপনার রক্ত যেমন লাল, আমার রক্তও লাল। নির্বাচনে আপনারও একটি ভোট, আমারও একটি ভোট। এখানে অধিকারের দিক থেকে আপনি ও আমি পুরোপুরি সমান।”

বর্তমান সরকারের মেয়াদের প্রসঙ্গ টেনে ডা. জাহিদ জানান, বর্তমান সরকারের বয়স প্রায় আট মাস পার হচ্ছে। এই স্বল্প সময়ে সরকার কেবল ক্ষমতায় বসে থাকার জন্য নয়, বরং দেশের সার্বিক কল্যাণ ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতেও দুর্গাপূজাসহ যেকোনো ধর্মীয় উৎসব আরও সুন্দর, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সহায়তা দিয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।

সকালবেলা / নুসরাত