নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাকৃবি ‘সোনালী দল’-এর অভিনন্দন
ময়মনসিংহ প্রতিনিধি: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’। নির্বাচনে ২১৪টি আসনে জয়লাভের মাধ্যমে এককভাবে সরকার গঠনের এই ম্যান্ডেটকে একটি ‘ঐতিহাসিক ও ভূমিধ্বস বিজয়’ হিসেবে অভিহিত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সোনালী দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে সংগঠনের সভাপতি প্রফেসর ড. মোঃ আলী রেজা ফারুক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান বলেন, দীর্ঘ দেড় দশকের লড়াই-সংগ্রাম এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চূড়ান্ত প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে।
বিবৃতিতে সোনালী দলের নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, সীমাহীন প্রতিকূলতা ও অসুস্থতা সত্ত্বেও বেগম জিয়া গণতন্ত্র রক্ষায় যে আপসহীন অবস্থান বজায় রেখেছিলেন, তা ইতিহাসে বিরল। একই সঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে বাংলাদেশ একটি আধুনিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, নবগঠিত সরকার রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করে উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে। বাকৃবি সোনালী দল দেশের কৃষি ও শিক্ষার উন্নয়নে নতুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
|