৪০০ বছরের ঐতিহ্য ও নারী-উৎসবের মিলনগাথা, যেখানে পুরুষের প্রবেশ নিষেধ
সারাদেশ ডেস্ক: বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে ইছামতী নদীর তীরে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই মেলাটি মূলত ‘জামাই মেলা’ এবং পরদিন অনুষ্ঠিত ‘বউ মেলা’র জন্য দেশজুড়ে সমাদৃত। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার এই প্রাচীন লোকজ মেলা বসে।
ইতিহাস ও সন্ন্যাসী পূজা: মেলার সঠিক সূচনাকাল নিয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও স্থানীয় প্রবীণদের মতে, প্রায় ৪০০ বছর আগে এর যাত্রা শুরু। জনশ্রুতি রয়েছে, মাঘের শেষ বুধবার মরা বাঙ্গালী নদীতে অলৌকিকভাবে এক বিশাল কাতলা মাছ ভেসে উঠত। এক সন্ন্যাসীর স্বপ্নাদিষ্ট আহ্বানে সেই মাছের উদ্দেশে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ‘সন্ন্যাসী পূজা’ শুরু হয়, যা কালক্রমে বিশাল এই মেলায় রূপ নেয়।
মেলার প্রধান আকর্ষণ: মাছ ও মিষ্টি: পোড়াদহ মেলার প্রধান আকর্ষণ হলো বিশাল আকৃতির সব মাছ। আইড়, চিতল, রুই, কাতলা ও সিলভারকার্পসহ ১৫ থেকে ২৫ কেজি ওজনের মাছের পসরা সাজিয়ে বসেন জেলেরা। এছাড়া জামাইদের দৃষ্টি কাড়তে মেলায় পাওয়া যায় এক কেজি থেকে ১২ কেজি ওজনের মাছ আকৃতির বড় বড় মিষ্টি। রসগোল্লা, ছানার জিলাপি ও চমচমের গন্ধে ম ম করে মেলা প্রাঙ্গণ।
জামাই মেলা ও সামাজিক রীতি: স্থানীয় রেওয়াজ অনুযায়ী, মেলা উপলক্ষে গাবতলী, সারিয়াকান্দি ও ধুনটসহ পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকশ গ্রামে উৎসবের ধুম পড়ে। ঈদে দাওয়াত না দিলেও মেলার সময় মেয়ে ও জামাইকে দাওয়াত দেওয়া এখানে বাধ্যতামূলক। জামাইরা মেলা থেকে বিশাল মাছ কিনে শ্বশুরবাড়িতে যান, যা এই অঞ্চলের এক অনন্য ঐতিহ্য।
বউ মেলা ও অর্থনৈতিক প্রভাব: মূল মেলার পরদিন একই স্থানে বসে ‘বউ মেলা’। এখানে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকে, ফলে নারীরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন। রেশমি চুড়ি, প্রসাধনী ও গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলা কমিটির সভাপতি ও মহিষাবান ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ মন্ডল জানান, পুরো মেলায় প্রায় ১০ কোটি টাকার বেচাকেনা হয়, যার মধ্যে মাছ ও বউ মেলার অবদান অনস্বীকার্য।
সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে এই মেলা কেবল কেনাবেচার কেন্দ্র নয়, বরং এক অসাম্প্রদায়িক মিলনমেলায় পরিণত হয়েছে। তবে এ বছর জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলার পূর্বনির্ধারিত আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
আই.এ/সকালবেলা
|