আখাউড়ায় সিএনজি চালকের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
সামজাদ জসি (সিনিয়র স্টাফ রিপোর্টার): বাবার চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে টাকা নিয়ে যাওয়ার পথে এক নারী যাত্রীকে কৌশলে অজ্ঞান করে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক সিএনজিচালিত অটোরিকশা চালক ও তার নারী সহযোগীর বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর নাম খাদিজা বেগম। তিনি আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের জুয়েল ভূঁইয়ার স্ত্রী। এই ঘটনায় সিএনজি চালক মো. আনোয়ার মিয়া (৫০) ও অজ্ঞাতনামা এক নারীকে আসামি করে আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্ত চালক আনোয়ার উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের মৃত আব্দুল মন্নাফ মিয়ার ছেলে।
পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা গেছে, খাদিজা বেগম তার অসুস্থ বাবার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা নিয়ে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়ীয়া যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। পথিমধ্যে চালক আনোয়ার মিয়া কৌশলে আরও এক অজ্ঞাতনামা নারী যাত্রীকে গাড়িতে তোলেন। গাড়ি কিছুদূর যাওয়ার পর খাদিজা বেগমকে কৌশলে কোনো চেতনানাশক খাইয়ে বা স্প্রে করে অজ্ঞান করা হয়। পরবর্তীতে চেতনা ফিরে পেয়ে তিনি দেখতে পান যে তার সাথে থাকা টাকার ব্যাগটি উধাও। ভুক্তভোগী খাদিজা বেগমের স্পষ্ট অভিযোগ, সিএনজি চালক আনোয়ার মিয়া এবং ওই অজ্ঞাতনামা নারী পরস্পর যোগসাজশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।
বাবার চিকিৎসার টাকা হারিয়ে ভুক্তভোগী পরিবারটি এখন চরম বিপাকে পড়েছে। এদিকে একটি ভিডিওর মাধ্যমে ঘটনার বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত সিএনজি চালক ও তার নারী সহযোগীকে আইনের আওতায় আনতে এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা
|