রাজশাহীতে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ণ
রাজশাহীতে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে সাধারণ মোটর শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে নগরীর ভদ্রা মোড়স্থ স্মৃতি অম্লান চত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে অভিযুক্ত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপাররা অভিযোগ করেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শ্রমিকদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে। বক্তাদের দাবি, আওয়ামী লীগের সময় সুবিধাভোগী এই নেতা বর্তমানে কিছু সুবিধাবাদী নেতার ছত্রছায়ায় শ্রমিকদের অর্থ আত্মসাৎ করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন।

শ্রমিক নেতারা বলেন, বর্তমানে ইউনিয়নে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। একটি ‘পকেট কমিটি’র মাধ্যমে সংগঠন চালানো হচ্ছে। তারা অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। ফলে তার কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা মো. শামীম, মো. স্বপন, মো. নাজমুল ও মো. লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষপে করে শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন