টানা সাত দিনের ছুটিতেও সচল থাকবে বেনাপোল স্থলবন্দর

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ণ
টানা সাত দিনের ছুটিতেও সচল থাকবে বেনাপোল স্থলবন্দর

নাজিম উদ্দীন জনি, শার্শা (বেনাপোল) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত টানা সাত দিনের ছুটির মধ্যেও দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের কার্যক্রম সচল থাকবে। তবে শুধুমাত্র ঈদের দিন কাস্টমস ও বন্দরের পণ্য খালাস বন্ধ থাকলেও বাকি সময় কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন বাদে ছুটির অন্যান্য দিনগুলোতে কাস্টমসের দাপ্তরিক সব কার্যক্রম চালু থাকবে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজা বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি ছুটির মধ্যেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা হবে। শুধুমাত্র ঈদের দিন বন্দরে কোনো মালামাল লোড-আনলোড হবে না। এছাড়া ভারত থেকে আসা আমদানিকৃত পণ্য গ্রহণ ও ছাড়করণ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এদিকে পাসপোর্টধারী যাত্রীদের জন্য সুখবর দিয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাখাওয়াত হোসেন জানান, ঈদের ছুটির মধ্যেও যাত্রী যাতায়াত পুরোপুরি স্বাভাবিক থাকবে। এমনকি ঈদের দিনও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার চালু থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব সামছুর রহমান বলেন, কাস্টমস ও বন্দরের কার্যক্রম চালু থাকলে আমদানিকারকরা চাইলে দ্রুত পণ্য ছাড় করিয়ে নিতে পারবেন। এতে শিল্প কলকারখানার কাঁচামাল ও পচনশীল পণ্যের সরবরাহ ঠিক থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন