মেট্রোরেল স্টেশনে ধাক্কা লেগে ভাঙল বৈশাখী মোটিফের অংশ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
মেট্রোরেল স্টেশনে ধাক্কা লেগে ভাঙল বৈশাখী মোটিফের অংশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ১৪৩৩ বঙ্গাব্দের বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ‘লাল ঝুঁটি মোরগ’ মোটিফটি মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে যাওয়ার সময় ছাদে আটকে এর উপরের অংশটি ভেঙে যায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শোভাযাত্রাটি শাহবাগ এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এবারের শোভাযাত্রায় ব্যবহৃত বৃহদাকার পাঁচটি মোটিফের মধ্যে হাতি ও একটি ঘোড়া নির্বিঘ্নে পার হতে পারলেও উচ্চতা বেশি হওয়ায় বিপাকে পড়ে ‘লাল ঝুঁটি মোরগ’, দোতারা এবং অন্য একটি ঘোড়া।

স্টেশনের ছাদে আটকে মোরগ মোটিফের ঝুঁটির অংশটি ভেঙে গেলে মুহূর্তের জন্য মিছিলে বিঘ্ন ঘটে। তবে অংশগ্রহণকারীরা দ্রুত তৎপর হয়ে মোটিফগুলো রাস্তার ঢালু পাশ দিয়ে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শোভাযাত্রাটি তার নির্ধারিত পথে এগিয়ে যায়।

উল্লেখ্য, এ বছরের বৈশাখী শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরও বিপুল উৎসাহ-উদ্দীপনায় নগরবাসী নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসবে শামিল হন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন