নাগরপুরে অবৈধ ড্রেজার ধ্বংস

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
নাগরপুরে অবৈধ ড্রেজার ধ্বংস

রিপন খান রবিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদী ও আশপাশের ফসলি জমির কোল ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে একদিকে যেমন আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে নদীতীরবর্তী এলাকায় নদী ভাঙনের ঝুঁকি কয়েকগুণ বেড়ে গিয়েছিল। স্থানীয়দের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রশাসন দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করে।

অভিযান চলাকালে ড্রেজিং কার্যক্রমে ব্যবহৃত কয়েকশ ফুট পাইপ এবং বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রপাতি ঘটনাস্থলেই ধ্বংস করে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, “সরকারি নীতিমালা অমান্য করে এবং পরিবেশের ক্ষতি করে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এতে জনস্বার্থ ও পরিবেশ—উভয়ই হুমকিতে পড়ছে। নদী ও ফসলি জমি রক্ষায় আমাদের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন