যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

আবু রায়হান, রংপুর: রংপুরের চাঞ্চল্যকর যুবদল নেতা রাকিব হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। 

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রংপুর মহানগরের কোতোয়ালি থানাধীন রবার্টসনগঞ্জ তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মোঃ মমিন মিয়া (৪২) এবং তাঁর স্ত্রী মোছাঃ সুইটি বেগম (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ৯ এপ্রিল রাকিবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রাকিবের গলার ডান পাশে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা মোঃ আব্দুস সামাদ বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার আগের দিন অভিযুক্ত সুইটি বেগমের সঙ্গে নিহত রাকিবের কথা কাটাকাটি হয়। বিষয়টি সুইটি তাঁর স্বামী মমিন মিয়াকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরদিন রাকিবকে বাড়ির সামনে দেখতে পেয়ে মমিন ঘর থেকে ছুরি এনে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং মারাত্মক জখম করেন।

হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যান। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‍্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর এলাকা থেকে এই দম্পতিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজের অপরাধ দমনে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন