ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
মোঃ ইয়াসিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে চৌমুহনী পৌরসভার উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়।
চৌমুহনী পৌরসভার পৌর প্রশাসক ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান নঈম উদ্দিন খাল পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব জাকির হোসেন, সুপারভাইজার বেলায়েত হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে কায়সুর রহমান বলেন, “ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে বাঁচতে হলে আমাদের চারপাশ পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। খাল, ড্রেন ও জলাশয়ে ময়লা জমে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এই পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত চলবে।” তিনি শহরের ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে নাগরিকদের যত্রতত্র ময়লা না ফেলার জন্য সচেতন হওয়ার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কার থাকলে মশার উপদ্রব কমবে এবং শহরের জলাবদ্ধতা নিরসন হবে।
এ.আই.এল/সকালবেলা
|