খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু
মহসিন মিয়া, নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ও দুপুরে উপজেলার বিভিন্ন হাওর ও নদী এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মৎস্যজীবী ও দুইজন কৃষি শ্রমিক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন আব্দুল মোতালিব (৫৫)। তিনি ঘটনাস্থলেই মারা যান। মোতালিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, দুপুরে একই ইউনিয়নের সাতগাঁও গ্রামের পাশের হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন মোনায়েম খাঁ ওরফে হালান মিয়া (৫৪)। তিনি সাতগাঁও গ্রামের স্থানীয় বাসিন্দা। একই সময়ে উপজেলার কৃষ্ণপুর হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শুভ মণ্ডল নামে এক শ্রমিকের মৃত্যু হয়। শুভ সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদীঘির চর এলাকার আরিফুল মণ্ডলের ছেলে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত তিনজনই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। স্বজনদের কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, নিহতদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে সরকারি আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
|