ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

জহিরুল হক মিলন, ফেনী: উৎসবমুখর পরিবেশ ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফেনীতে উদ্‌যাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে রঙিন সাজে শোভাযাত্রাটি শুরু হয়। এতে গ্রামবাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পিটিআই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

বর্ষবরণের এই উৎসবে অংশ নেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. নবীনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রা শেষে পিটিআই স্কুল মাঠে জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলো নাচে-গানে বর্ষবরণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন