হরমুজে যৌথ টোল বসাচ্ছে ইরান-ওমান
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে যৌথভাবে টোল বা যাতায়াত ফি আরোপ করতে যাচ্ছে ইরান ও ওমান। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও দেশ দুটি হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের ওপর এই ফি ধার্য করার প্রক্রিয়া শুরু করেছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) একজন ইরানি কর্মকর্তা ও চারজন আন্তর্জাতিক কূটনীতিকের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ১৪ দফা দ্বিপক্ষীয় পরিকল্পনা স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতা অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো কোনো প্রকার ফি বা শুল্ক পরিশোধ ছাড়াই সম্পূর্ণ নিরাপদে চলাচল করতে পারবে বলে উল্লেখ ছিল। তবে চুক্তির অন্যান্য শর্তের মতোই এটিও ছিল মাত্র ৬০ দিনের একটি প্রাথমিক আলোচনা পর্বের জন্য প্রযোজ্য।
চুক্তির একটি অংশ হিসেবে এই নৌপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য ইরান ও ওমানকে যৌথভাবে একটি স্থায়ী পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে যুদ্ধ-পরবর্তী নতুন বাণিজ্যিক মডেলের অংশ হিসেবে যদি সত্যিই টোল বা ট্যাক্স আরোপ করা হয়, তবে এই আন্তর্জাতিক জলপথ দিয়ে শত শত বছর ধরে চলা 'বিনামূল্যে যাতায়াতের' ঐতিহাসিক প্রথাটির চিরতরে অবসান ঘটবে। এর ফলে আন্তর্জাতিক নৌবাণিজ্যে বড় ধরনের আর্থিক প্রভাব ও নতুন ভূরাজনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর
এআইএল/সকালবেলা
|