পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেও আরও অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (৩ জুলাই) দেশটির শেরানি জেলার দানা সার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
বেলুচিস্তানের শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-কে জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল। তবে পথিমধ্যে আরেকটি বাস বিকল হয়ে পড়ায় সেই বাসের বেশ কয়েকজন যাত্রী এই বাসটিতে আরোহণ করেন। বাসটি দানা সার এলাকা অতিক্রম করে খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের বিশেষ উদ্ধারকারী দল এবং একাধিক অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। খাড়া পাহাড়ি খাদ থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ এক সরকারি বিবৃতিতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও আটজন চিকিৎসাধীন রয়েছেন।" আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ডেইলি জং
এআইএল/সকালবেলা
|