রাজনীতিবিদদের ভুল ধরে সঠিক পথ দেখানো সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল
সাংবাদিকদের ওপর হামলা-হয়রানিতে ফখরুলের উদ্বেগ, ব্যক্তি নয় কাজকে মূল্যায়নের আহ্বান
ঠাকুরগাঁও প্রতিনিধি: রাজনীতিবিদদের ভুল-ত্রুটি ও খামতিগুলো প্রকাশ্যে ধরে দিয়ে সঠিক পথ দেখানো সাংবাদিকদের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, "সাংবাদিকরা সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন, কোনো রক্তচক্ষুর কাছে মাথা নত করবেন না।"
আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক বিশেষ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "যে দেশের গণমাধ্যম যত বেশি স্বাধীন ও শক্তিশালী, সে দেশের গণতন্ত্রের ভিত ততটাই মজবুত। রাজনীতিবিদরা কোনোভাবেই সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের বিপুল প্রত্যাশা পূরণে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আমাদের ভুল-ত্রুটি হতেই পারে। সেই ভুলগুলো গঠনমূলকভাবে সংবাদে তুলে ধরিয়ে দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণমাধ্যমের আসল দায়িত্ব।"
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা ঘটে উল্লেখ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
পেশাদারিত্বের তাগিদ দিয়ে প্রবীণ এই রাজনীতিবিদ সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, "ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং কাজের সঠিক মূল্যায়ন করতে হবে। সমাজ ও রাষ্ট্রের যারা ভালো কাজ করবেন, তাঁদের সাফল্য যেমন গণমাধ্যমে তুলে ধরতে হবে; ঠিক তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে কলম ধরতে হবে।"
সরকারের উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে স্থানীয় সরকার মন্ত্রী ঘোষণা দেন, ঠাকুরগাঁও জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে ইতোমধ্যে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম দ্রুততার সাথে শুরু হয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু বড় বড় অবকাঠামো নির্মাণ করলেই চলবে না, নতুন উপজেলা পরিচালনায় সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ও পুলিশ সুপার বেলাল হোসেন।
এছাড়া মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সর্বস্তরের সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|