শ্রীপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ণ
শ্রীপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। 

গত বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শরীয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)।

পুলিশ ও নিহত কাওসারের চাচাতো ভাই মোহাম্মদ আলী শান্ত জানান, তাঁরা চার বন্ধু (সাজ্জাদ, আরিফ, সোলেমান ও কাওসার) দুটি মোটরসাইকেলে চড়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে অপর এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে তাঁদের মোটরসাইকেলটি শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক কাওসার ও সোলেমানের মোটরসাইকেলটিকে সরাসরি চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দুই বন্ধুর মৃত্যু হয়। পেছন থাকা অন্য মোটরসাইকেলের দুই বন্ধু অলৌকিকভাবে বেঁচে যান।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়।"

ওসি আরও জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন