নাটোরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, দগ্ধ গৃহবধূ হাসপাতালে
মোল্লা মো. আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর, তিনটি গবাদিপশু ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে এক গৃহবধূ গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (৩ জুলাই) ভোরে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আদম আলী পেশায় একজন অটোরিকশাচালক।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কাঁচা ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্র, তিনটি কোরবানিযোগ্য গরু এবং আদম আলীর উপার্জনের একমাত্র মাধ্যম অটোরিকশাটির একাংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় আগুন থেকে মালামাল ও গবাদিপশু রক্ষা করতে গিয়ে আদম আলীর স্ত্রী অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. গোলাম মোস্তফা জানান, "খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।"
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন দুঃখ প্রকাশ করে বলেন, "ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তাঁদের জরুরি সরকারি সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।" উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ জহিরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য তালিকা প্রস্তুতের কাজ চলছে।
এআইএল/সকালবেলা
|