ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক রাখা ‘হাস্যকর’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা সামরিক জোট ন্যাটোর (NATO) সঙ্গে আমেরিকার বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘একতরফা’ ও ‘হাস্যকর’ বলে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আগামী সপ্তাহে তুরস্কের আঙ্কারায় ন্যাটোর গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক বৈঠকের মাত্র কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে নতুন করে অস্বস্তি ও আলোড়ন সৃষ্টি করেছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘তারা (ন্যাটো মিত্ররা) আমাদের পাশে ছিল না!!!’
তিনি আরও দাবি করেন, ওয়াশিংটনের সঙ্গে এই সামরিক জোটের সম্পর্কটি কোনোভাবেই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বা সমানুপাতিক নয়; বরং এটি পুরোপুরি একতরফা, যেখানে যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক ভূ-রাজনীতিতে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্প আগে থেকেই অসন্তুষ্ট ছিলেন। তিনি বিভিন্ন সময়ে ইউরোপের দেশগুলোকে তাদের নিজস্ব প্রতিরক্ষা বাজেট বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছিলেন। আঙ্কারা সম্মেলনের আগে তাঁর এই পোস্ট ইঙ্গিত দিচ্ছে যে, আসন্ন সম্মেলনে মার্কিন প্রশাসন ন্যাটোর আর্থিক ও সামরিক নীতি পুনর্মূল্যায়নের জন্য জোরালো দাবি তুলতে পারে।
সূত্র: সিএনএ
এআইএল/সকালবেলা
|