মাদক ছাড়ুন, গর্তে পড়লে উদ্ধারের লোক পাবেন না: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ
মাদক ছাড়ুন, গর্তে পড়লে উদ্ধারের লোক পাবেন না: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি: মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, "বিগত ১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় এখনও যদি কেউ এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে যান, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। মাদক সংশ্লিষ্টতায় আমার বা আপনার কোনো ধরণের তদবির করার সুযোগ থাকবে না।"

তিনি আরও বলেন, "কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত, তবে এরা সাময়িক প্রভাবশালী। সময় থাকতে মাদক ব্যবসা ছেড়ে ভালো পথে ফিরে আসুন। তা না হলে আইনি বেড়াজালে একবার গর্তে পড়ে গেলে, সেখান থেকে উদ্ধার করার মতো কোনো লোক খুঁজে পাবেন না।"

আজ শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত রাজনৈতিক ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারীদের স্বাবলম্বী করার বিষয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ নারীবান্ধব হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সরকার প্রতিটি পরিবারের নারী প্রধানকে 'ফ্যামিলি কার্ড'-এর আওতায় এনে সরাসরি আর্থিক সহযোগিতা দিচ্ছে। এই অর্থ দিয়ে গ্রামীণ নারীরা তাঁদের দৈনন্দিন ও প্রয়োজনীয় খরচ মেটানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয় করারও সুযোগ পাচ্ছেন।

তিনি আরও উল্লেখ করেন, সরকারের এই বিশেষ আর্থিক সহায়তার মূল লক্ষ্য হলো দেশের মায়েদের সচেতন ও স্বাবলম্বী করে তোলা। একজন সচেতন মা যদি পরিবারকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সরকারের এই সহায়তার মাধ্যমে তাঁর সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পারেন, তবে পুরো জাতি একদিন শিক্ষিত হয়ে উঠবে। তাই এই ফ্যামিলি কার্ডের অর্থ বিতরণ কোনো অনুদান নয়, বরং এটি ভবিষ্যৎ সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সরকারের এক ধরণের দীর্ঘমেয়াদী বিনিয়োগ।

উক্ত সংক্ষিপ্ত জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন